ভোটচুরির অভিযোগে উত্তাল দেশ, কাঠগড়ায় মোদি-শাহ!
বার্তা ডেস্কঃ
শনিবার রাজধানী দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত হলো ইন্ডি জোটের বিশেষ ‘জন মহাভিযোগ’ কর্মসূচি। লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের সঞ্চালনায় এই মক পার্লামেন্টে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং হেমন্ত সোরেনের মতো হেভিওয়েট বিরোধী নেতারা। ভোট প্রক্রিয়ায় অনিয়ম ও ভোটারের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করেন খাড়গে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইশারায় নির্বাচন কমিশন কাজ করছে বলেও অনুষ্ঠানে তীব্র আক্রমণ শানান বিরোধী নেতারা।
খাড়গের পেশ করা এই মহাভিযোগ প্রস্তাবে প্রধানত ছয়টি গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটচুরির ষড়যন্ত্র, ১৩ কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়া, সংসদীয় অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এ পরিবর্তন এবং ভোটার তালিকায় কারচুপি করার মতো বিষয়গুলি। বিরোধী শিবিরের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, এই কর্মসূচিকে সম্পূর্ণ ‘নাটক’ বলে তোপ দেগেছে শাসক দল বিজেপি। তাদের মতে, রাহুল গান্ধীকে নতুন করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই এই অনৈতিক মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে, যা দেশের বর্তমান সংসদীয় ব্যবস্থার পরিপন্থী।