থানার

বার্তা ডেস্কঃ

রক্ষকই যখন ভক্ষক! গোয়ার রিবন্ধরে অপরাধ দমন শাখার (ক্রাইম ব্রাঞ্চ) কার্যালয়ে ১৬ বছরের এক নাবালিকাকে দিনের পর দিন যৌন নিগ্রহ করার বিস্ফোরক অভিযোগ উঠল ইন্সপেক্টর বিকাশ দেয়করের বিরুদ্ধে। পুলিশ সূত্র জানা গিয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত থানার অভ্যন্তরেই এই অপরাধ চালানো হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, রঞ্জিনী পাল্যেকর নামে এক মহিলা এই কুকর্মে অভিযুক্ত পুলিশ আধিকারিককে প্রত্যক্ষভাবে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘ নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নাবালিকাটি চাইল্ড হেল্পলাইনে যোগাযোগ করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে।

এই ঘটনার জেরে গোয়ার পুলিশ প্রশাসনে চরম তোলপাড় শুরু হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইন্সপেক্টর ও তাঁর সহযোগী মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং কঠোর পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তদন্তভার ওল্ড গোয়া থানায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গোয়ার ডিজিপি অলোক কুমার স্পষ্ট জানিয়েছেন, পুলিশ বাহিনীর মধ্যে এই ধরনের জঘন্য আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে প্রশাসন কঠোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *