ইনস্টাগ্রামে ব্লক করার খেসারত! রাস্তায় গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

বার্তা ডেস্কঃ

ইনস্টাগ্রামে লাগাতার মেসেজ ও উত্তর দেওয়ার চাপের মুখে ব্লক করায় গৃহশিক্ষিকার পথ আটকে হেনস্তা করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার ব্যারাকপুরের মণিরামপুর এলাকায় টিউশন পড়াতে যাওয়ার সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তরুণীর অভিযোগ, অভিযুক্তরা তাঁকে রাস্তায় ঘিরে ধরে হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানি করে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরিবারের লোকজনকে সব জানান ভুক্তভোগী তরুণী। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা এক অভিযুক্তকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর থানার পুলিশ। পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে অর্ক সাহা ও দীপ কুণ্ডু নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই দুই অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় তরুণীকে উত্তক্ত করছিল এবং ব্লক করলে গুরুতর পরিণতি ভোগ করার হুমকি দিত। বর্তমানে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *