মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করে তৃণমূলের অন্দরে তোলপাড়, মমতার প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক!
বার্তা ডেস্কঃ
‘গণতান্ত্রিক তৃণমূল’ ছেড়ে মূল দলে ফেরার জল্পনা আরও জোরালো হল। হামিদুল রহমানের পর এবার বিদ্রোহী শিবিরের আরেক নেতা, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিনও (মিনহাজ) দলবিরোধী সুর চড়ালেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তর দিনাজপুর সফরের বিশেষ সরকারি ও প্রশাসনিক অনুষ্ঠান বয়কট করে তিনি স্পষ্ট জানালেন যে, তাঁর নেতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মিনহাজুল বলেন, “আমরা শুরু থেকেই তৃণমূল কংগ্রেস করতাম, আজীবন তৃণমূলেই থাকব। আমাদের নিয়ে নানা ভুল বার্তা ছড়ানো হচ্ছিল। কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।”
মূল তৃণমূল কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের জেরে সম্প্রতি উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন বিধায়ক ও নেতা মিলে ‘গণতান্ত্রিক তৃণমূল’ গঠন করেছিলেন। কিন্তু কয়েকদিনের ব্যবধানে প্রথমে প্রবীণ নেতা হামিদুল রহমান এবং এবার মিনহাজুল আরফিনের এই ‘বেসুরো’ মন্তব্য প্রমাণ করছে যে, বিদ্রোহী শিবিরের অন্দরে বড়সড় ফাটল ধরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে আরও একাধিক বিধায়ক ও নেতা আনুষ্ঠানিক ভাবে পুরনো মমতা শিবিরেই ফিরে যেতে পারেন।