ইন্দ্রনীলের পর এবার হামিদুল? ফাইল খোলার হুঙ্কারে কাঁপছে রায়গঞ্জ!

বার্তা ডেস্কঃ

সদ্য ঋতব্রত শিবির ছেড়ে পুরনো মমতা শিবিরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। আর তার ঠিক পরেই রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে নাম না করে তাঁকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রনীল সেনের সাম্প্রতিক গ্রেফতারির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী যেভাবে জেলার ‘গুন্ডা’ ও ‘মাফিয়া’দের বিরুদ্ধে পুরনো মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছেন, তাতে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।

বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ার মঞ্চ থেকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, “এর পরের মিটিং আমি নিজে চোপড়া এবং ইসলামপুরে গিয়ে করব। পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে— এলাকার যত গুন্ডা, মাফিয়া এবং অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে পুরোনো কেস রি-ওপেন (Re-open) করতে হবে।”

এর পাশাপাশি, এলাকায় জমি দখল ও বেআইনি বালি কারবারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে, বেআইনিভাবে দখল করা প্রত্যেক ইঞ্চি জমি উদ্ধার করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, “আমি দেখতে চাই এই জেলায় কত বড় বালি চোর, কত বড় জমি মাফিয়া আর কত বড় মস্তান আছে!”

সম্প্রতি আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, ইন্দ্রনীল সেনের মতোই এবার হামিদুল রহমানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ঋত-সঙ্গ ছাড়ার পরই হামিদুলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই অনমনীয় মনোভাব উত্তর দিনাজপুরের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *