মন্নতের সামনে বিশাল স্ক্রিন! শাহরুখের জন্মদিনে ভক্তদের বাঁধনহারা উন্মাদনা

বার্তা ডেস্কঃ

শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মন্নতের বাইরে জনজোয়ার ও অনুরাগীদের বাঁধভাঙা উল্লাস। আগামী ২ নভেম্বর ৬১ বছরে পা দেবেন কিং খান। তবে মন্নতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় পরিবার নিয়ে বর্তমানে পালি হিলের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রয়েছেন তিনি। ফলে মন্নতের ছাদে দাঁড়িয়ে চিরচেনা সেই আইকনিক পোজে অভিনেতার দর্শন মেলা নিয়ে সংশয় তৈরি হলেও নতুন জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মন্নতের সামনের অংশে একটি বিশাল স্ক্রিনের মতো কাঠামো দেখা যাওয়ায় অনুরাগীদের একাংশের অনুমান, অভিনেতার জন্মদিনে সেখানে দেখানো হতে পারে আগামী ছবি কিং-এর বিশেষ ঝলক।

ফ্যান ক্লাবগুলির সূত্রে জানা গেছে এবার প্রথাগতভাবে জন্মদিনের উৎসব না হলেও ভক্তদের জন্য থাকছে বড় চমক। পরিচালক সিদ্ধার্থ আনন্দের রহস্যময় পোস্ট এবং প্রথম গান মুক্তির ইঙ্গিত ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে। বলিপাড়ায় জোর গুঞ্জন, জন্মদিনের চব্বিশ ঘণ্টা আগে বার্থডে স্পেশাল সারপ্রাইজ হিসেবে মুক্তি পেতে পারে অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই ছবির প্রথম গান। তবে মন্নতের দেওয়ালে টিজার বা গান প্রদর্শনের বিষয়ে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *