দিল্লির রামলীলায় মমতার গর্জন, ভোটচুরির বিরুদ্ধে পথে নামলেন যুবসমাজ!

বার্তা ডেস্কঃ

দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত মেগা সমাবেশ থেকে কেন্দ্র এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের যৌথ মঞ্চ থেকে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ভ্যানিশ কুমার ভোট ভ্যানিশ করে দিয়েছেন, মানুষের চাকরি ও ভোটাধিকার কেড়ে নিয়েছেন।” আগে তাঁকে হটানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলায় অন্যায্যভাবে ভোট লুট করে তাঁকে হারানো ও গৃহবন্দি করে রাখার বিস্ফোরক অভিযোগ তুলে দেশের বিচারব্যবস্থাকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আর্জি জানান তিনি।

গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে আন্দোলনের সামনের সারিতে যুব প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তৃণমূলনেত্রী। প্রবীণরা কেবল দিকনির্দেশনা ও গাইড করবেন, এই বার্তা দিয়ে ছাত্র, তরুণ ও জেন-জিদের আন্দোলনের নেতৃত্ব নেওয়ার ডাক দেন তিনি। মঞ্চে প্রধান বিরোধী দল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মমতার এই বার্তা বিশেষ রাজনৈতিক তাত্পর্য বহন করছে। নির্বাচন কমিশন এবং বিজেপির গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদী লড়াই আগামী দিনেও অব্যাহত থাকবে বলে রামলীলার মেগা মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করেন মমতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *