চোরবাগান কাণ্ড থেকে বড় শিক্ষা, কালীপুজো ও ছটে সুরক্ষায় নবান্নের কড়া নির্দেশিকা!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো শেষ হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পরবর্তী উৎসবের প্রস্তুতি। সামনেই কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজো। বিগত দিনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাজ্য প্রশাসন। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে নবান্নের পক্ষ থেকে কঠোর একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত পুজো কমিটি ও স্থানীয় প্রশাসনকে এই নিয়মগুলো নিঃশর্তে মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকায় মণ্ডপ এবং পুজো প্রাঙ্গণে পর্যাপ্ত আলোর ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রবেশ ও প্রস্থান পথ যথেষ্ট চওড়া রাখতে হবে, যাতে অতিরিক্ত ভিড়ের মধ্যে কোনো বিপত্তি না ঘটে। এছাড়া মণ্ডপগুলোতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিড়ের অনুপাতে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। ছটপুজো এবং অন্যান্য উৎসবে নদীর ঘাটগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত আলোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার কথাও বলা হয়েছে।