গৈরিক বঙ্গে চমক! রবিবাসরীয় সন্ধ্যায় উন্মোচিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
বার্তা ডেস্কঃ
চলচ্চিত্র উৎসবের মরশুমে নন্দনে এক জমকালো সাংবাদিক সম্মেলনে উন্মোচিত হল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) নতুন লোগো। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এই নতুন লোগোর উদ্বোধন করেন। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনায় তৈরি হয়েছে এবারের এই নতুন লোগো। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর রাজ্যজুড়ে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায় ও হরনাথ চক্রবর্তীর মতো চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আসন্ন এই সিনে উৎসবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, প্রভাস থেকে শুরু করে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের এবং কঙ্গনা রানাউতের মতো বলিউডের একঝাঁক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। এমনকি একজন সম্ভাব্য হলিউড অভিনেত্রীর নামও অতিথি তালিকায় রয়েছে, যদিও তাঁর উপস্থিতি এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক পালাবদলের পর উৎসবের লোগো পরিবর্তন এবং সার্বিক আয়োজনে নতুন রূপ দেওয়ায় সিনেপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হবে।