উৎসবের মরসুমে ফের কোপ পকেটে, কত বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম?

বার্তা ডেস্কঃ

উৎসবের আবহে টানা তিন মাস বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। রবিবার থেকে কার্যকর হওয়া নতুন দামে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য খরচ করতে হচ্ছে ২৯৭১ টাকা। এক ধাক্কায় প্রায় ১৭ টাকা দাম বাড়ায় হোটেল ও রেস্তোরাঁ শিল্পে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১০ টাকা এবং অক্টোবরে ৭০ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল। তবে স্বস্তির বিষয় হলো, গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে এবং তা ৯৬৮ টাকাতেই মিলছে।

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২৮২০ টাকা, মুম্বইতে ২৭৬৪ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে ২৯৯৪ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি বিমান চলাচলের জ্বালানি তেলের দামও প্রতি লিটারে ১ টাকা ৩৭ পয়সা বাড়ানো হয়েছে। লাগাতার এই মূল্যবৃদ্ধির জেরে সামগ্রিক বাণিজ্যিক খরচ বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *