দিওয়ালিতে ঘরে ফিরছেন ১৪৩ বন্দি!
বার্তা ডেস্কঃ
আলোর উৎসব দিওয়ালিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বিশেষ সুযোগ পেলেন গুজরাটের কারাগারগুলিতে বন্দি থাকা ১৪৩ জন আসামী। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ নভেম্বর ধনতেরাসের দিন তারা কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পাবেন। বন্দি কল্যাণমূলক উদ্যোগ এবং কারাগার সংস্কার কর্মসূচির অংশ হিসেবে মূলত ষাটোর্ধ্ব পুরুষ এবং চল্লিশোর্ধ্ব মহিলা বন্দিদের এই বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। ২০০৩ সাল থেকে গুজরাট সরকার এই দিওয়ালি প্যারোল প্রথা চালু রেখেছে।
তবে এই বিশেষ মুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কঠোর নিয়ম ও বিধিনিষেধ বজায় রাখা হয়েছে। কারা বিভাগ সূত্রে জানানো হয়েছে, খুন, ধর্ষণ, জঙ্গি কার্যকলাপ কিংবা মাদক পাচারের মতো গুরুতর অপরাধে দণ্ডিত বন্দিরা এই প্যারোলের আওতায় আসবেন না। পাশাপাশি যে সমস্ত বন্দিদের আইনি আপিল উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, কিংবা যারা অন্য রাজ্য বা দেশের নাগরিক, তারাও এই সুযোগ থেকে বঞ্চিত থাকবেন। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করেই সম্পূর্ণ নিয়ম মেনে এই বন্দিদের সাময়িক মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।