টুলু মণ্ডল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, প্রাক্তন জেলাশাসককে নিয়ে কী বললেন রবিউল?
বার্তা ডেস্কঃ
বীরভূমের বহুচর্চিত জাল ডিসিআর দুর্নীতি মামলায় এবার পুলিশের জালে জেলা ভূমি দপ্তরের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক রবিউল ইসলাম। রবিবার রাতে কলকাতার বেহালা থেকে তাঁকে গ্রেফতারের পর সোমবার সিউড়ি এসিজেএম আদালতে পেশ করা হয়। আদালতে রবিউল স্পষ্ট জানান, এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর ছিল না। তৎকালীন জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের নির্দেশেই তিনি যাবতীয় কাজ করেছিলেন। এতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই বিরাট দুর্নীতির তদন্তে তৎকালীন জেলা প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।
ইতোমধ্যেই এই মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে জেলা পুলিশ, যেখানে রবিউল দ্বাদশ অভিযুক্ত হিসেবে যুক্ত হলেন। তিনি দাবি করেন, এই তদন্তে তিনি প্রথম থেকেই সহযোগিতা করা সত্ত্বেও মূল চক্রী তথা তৎকালীন জেলাশাসকদের আড়াল করে তাঁকে চক্রান্ত করে ধরা হয়েছে। আদালত তাঁকে আট দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিএলএলআরও সব্যসাচী মণ্ডলের বয়ানের ভিত্তিতে রবিউলের এই গ্রেফতারি দুর্নীতি তদন্তকে প্রশাসনিক স্তরের কোন উচ্চপর্যায়ে নিয়ে যায়, এখন সেদিকেই নজর সবার।