কামতাপুরি নাকি রাজবংশী, উত্তরকন্যার মহাবৈঠকে কোন জট ছাড়াবেন মুখ্যমন্ত্রী?
বার্তা ডেস্কঃ
মঙ্গলবারে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের রাজবংশী ও কামতাপুরি সামাজিক সংগঠন, প্রতিনিধি, বিদ্বজ্জন এবং বিধায়কদের নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। মূল আলোচনার কেন্দ্রবিন্দু—সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃতির ক্ষেত্রে তৈরি হওয়া ভাষাগত নামকরণের বিভ্রান্তি দূর করা। দীর্ঘদিন ধরেই ‘কামতাপুরি’ এবং ‘রাজবংশী’—এই দুই নামকরণের সপক্ষে দুই পক্ষ নিজেদের যুক্তিতে অনড়। কেন্দ্রের কাছে সাংবিধানিক স্বীকৃতির উদ্যোগ আটকে থাকায় এই জটিলতা মেটাতে মুখ্যমন্ত্রীর এদিনের উপস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, বৈঠকে প্রায় ৫০টি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি থাকার কথা রয়েছে। এছাড়াও, সম্প্রতি একাধিক সংগঠনকে এক ছাতার তলায় আনতে রাজবংশী মহাসংঘ গঠনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক রায়ের মতো বিশেষজ্ঞরা রাজবংশী ভাষার পক্ষে সওয়াল করছেন, অন্যদিকে কামতাপুর পিপলস পার্টির মতো দলগুলি কামতাপুরি নামকরণের স্বপক্ষে লিখিত নথি জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ফলে আজকের বৈঠকে তীব্র মতপার্থক্য ও ব্যাপক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।