সুদ-জরিমানায় ১০০% ছাড়েও সাড়া নেই, বকেয়া কর আদায়ে এবার আপনার দুয়ারে কলকাতা পুরসভা!
বার্তা ডেস্কঃ
সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুব করে ‘ওয়েভার স্কিম’ চালু করার পরেও কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায়ে আশানুরূপ সাড়া মিলছে না। গত ৮ অক্টোবর স্কিম চালু হলেও প্রথম তিন সপ্তাহে মাত্র পাঁচশর মতো করদাতা সুযোগ নিয়েছেন, যা পুরকর্তাদের চিন্তায় ফেলেছে। বর্তমানে মহানগরের প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৮ জন নাগরিকের মোট ৬,৮৫৪.২৯ কোটি টাকা সম্পত্তি কর বকেয়া রয়েছে, যার সঙ্গে সুদ ও জরিমানা বাবদ বিপুল অঙ্কের টাকা যুক্ত। পুরসভার ৭৮৪ কোটি টাকার কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে এবং বকেয়া আদায় তরান্বিত করতে কর্তৃপক্ষ এখন নতুন পথ বেছে নিয়েছে।
কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট দপ্তর থেকে ইতিমধ্যেই বিপুল বকেয়া থাকা অবাণিজ্যিক ও বেসরকারি করদাতাদের নোটিশ পাঠানো শুরু হয়েছে। নভেম্বরের মধ্যে কর জমা না পড়লে, আগামী ডিসেম্বর মাসের শুরু থেকেই পুরকর্মীরা সরাসরি নাগরিকদের বাড়ি গিয়ে হাজির হবেন। গৃহস্থের সুবিধা দিতে কর্মচারীরা সরকারি ল্যাপটপ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে অনলাইনে কিউআর কোড স্ক্যান করে কর জমা নেওয়ার ব্যবস্থা করবেন। ইতিহাস গড়ে কলকাতায় প্রথমবার এই ধরনের পরিষেবা দেওয়ার পাশাপাশি, দ্রুত প্রচার বাড়াতে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাড়তি জোর দিচ্ছে পুরপ্রশাসন।