কাকাকে না পেয়ে মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন, উত্তাল গোঘাট!
বার্তা ডেস্কঃ
হুগলির গোঘাটের খানাটি এলাকায় ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ঋতম কুশারীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। স্বজনহারা পরিবারের অভিযোগ, নিহত কিশোরের কাকা এবং বাবা সক্রিয় বিজেপি রাজনীতির সাথে যুক্ত থাকায় একটি স্থানীয় গোষ্ঠী দীর্ঘদিন ধরে আক্রোশ পুষে রেখেছিল। সেই আক্রোশ মেটাতে দুষ্কৃতীরা কাকার বদলে ওই নিরীহ নাবালক ভাইপোকে পরিকল্পিতভাবে নিশানা করে। দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কানাদিঘির জলে ফেলে দেয় বলে দাবি পরিবারের। উদ্ধার করে তাকে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সন্তানহারা মা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এনকাউন্টারের দাবি তুলেছেন। এলাকার বাসিন্দা ও নিহতের স্বজনদের মতে, পড়াশোনা ও কম্পিউটারে দক্ষ এই কিশোর পরিবারের রাজনৈতিক পরিচয়ের বলির পাঁঠা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন। কাকার রাজনৈতিক পরিচয়ের কারণেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড নাকি অন্য কোনো গোপন কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।