ত্রিপুরার সীমান্তে বিএসএফের ওপর দুর্ধর্ষ হামলা, রক্তাক্ত জখম জওয়ানরা!
বার্তা ডেস্কঃ
ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সেপাহিজলা জেলার বক্সনগর এলাকায় পাচার সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাচার সংক্রান্ত একটি বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফের কথা কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জওয়ানদের উপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
সংঘর্ষের জেরে বিএসএফের সহকারী কমান্ড্যান্ট রোহিত কুমার সহ অন্তত চার জন আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঘটনার জেরে বক্সনগর-রহিমপুর সড়ক অবরোধ করা হলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিএসএফের অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্তবর্তী ওই গ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।