বারাসাতে এবার বেনারসের স্বাদ, কালীপুজোর মণ্ডপে সরাসরি দেখুন লাইভ গঙ্গারতি!
বার্তা ডেস্কঃ
বারাসাতে বেনারসের আমেজ: পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজোয় মণিকর্ণিকা ঘাটের আদলে মণ্ডপ
নিজস্ব প্রতিবেদক, বারাসাত: কালীপুজোর প্রাক্কালে বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের ৫৪তম বর্ষের পুজোয় এবার থাকছে বিশেষ চমক। বেনারসের মণিকর্ণিকা ঘাটের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, ক্লাবের নিজস্ব পুকুরটিকে গঙ্গার আদলে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে জলে থাকবে নৌকা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিশেষ আলোকসজ্জার মাধ্যমে তৈরি করা হবে বেনারসের ঘাটের আবহ। সবচেয়ে বড় আকর্ষণ হলো গঙ্গারতি। প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত এই গঙ্গারতি চলবে, যা দর্শনার্থীদের জন্য বারাসাতের বুকেই বেনারসের পরিবেশ তুলে ধরবে।
এই অভিনব ভাবনার নেপথ্যে থাকা ক্লাবের কর্মকর্তা শুভঙ্কর সেন জানান, বেনারস ভ্রমণের অভিজ্ঞতা থেকেই এবারের পুজোয় মণিকর্ণিকা ঘাটের অনুকরণে মণ্ডপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী শঙ্কর পাল এবং কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হচ্ছে প্রতিমা।
আগামী ৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দর্শনার্থীদের ভিড় সামলাতে ও নিরাপত্তার দিকে নজর রেখে পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের আশা, বেনারসের এই বিশেষ আয়োজন দেখতে কালীপুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ঢল নামবে।