তৃণমূল অফিসে টাকার পাহাড়! ৩০০ কোটির দুর্নীতিতে তোলপাড় রাজ্য
বার্তা ডেস্কঃ
তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার কোটি টাকার বেশি নগদ, নেপথ্যে ৩০০ কোটির মাটি দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার সরিষায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। মাটি ও জমি সংক্রান্ত প্রায় ৩০০ কোটি টাকার এক দুর্নীতি মামলার তদন্তে নেমে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর কালীতলা ও আশুতি থানা এলাকায় জমি ও মাটি কেলেঙ্কারির অভিযোগে সুমিত রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তদন্তকারীরা সরিষায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের অনুগত হিসেবে পরিচিত ওই দলীয় কার্যালয়ে তল্লাশি চালান। সেখানে তল্লাশি চালিয়ে থরে থরে সাজানো নগদ এক কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।
ঘটনার বিস্তারিত জানিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠকে জানান, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৯ বছর ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রায় ৩০০ কোটি টাকার এই বেআইনি কারবারের লভ্যাংশ বা নগদ টাকা গোপন রাখতেই শাসক দলের ওই কার্যালয়কে ব্যবহার করা হতো।
তদন্তকারীদের দাবি, এই বিশাল দুর্নীতি চক্রের নেপথ্যে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকের নাম উঠে আসছে। উদ্ধার হওয়া অর্থের উৎস কী, কার নির্দেশে ওই দলীয় কার্যালয়ে এই টাকা রাখা হয়েছিল এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। অভিযুক্ত সুমিত রায়ের বয়ান ও কার্যালয় থেকে বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের মরশুমে রাজনৈতিক কার্যালয় থেকে এভাবে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।