তিহাড়ে আক্রান্ত আফতাব, প্রাণ বাঁচাতে আদালতের দ্বারস্থ শ্রদ্ধা কাণ্ডের মূল অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
দেশ কাঁপানো শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা এবার তিহাড় জেলের ভিতরেই প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। জেলের অন্য বন্দিদের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি ও আক্রমণের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি সাকেত আদালতের দ্বারস্থ হন। আফতাবের দাবি, গত দশ দিন ধরে কয়েকজন বন্দি তাঁকে ধারালো অস্ত্র ও ছুঁচ দিয়ে মুখ চিরে দেওয়ার ভয় দেখাচ্ছে এবং ইতিমধ্যেই আঘাত করেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক তিহাড় জেল কর্তৃপক্ষকে আফতাবের নিরাপত্তা বাড়ানো এবং প্রয়োজনে তাকে আলাদা সুরক্ষিত সেলে স্থানান্তরিত করার কড়া নির্দেশ দিয়েছেন।
২০২২ সালের মে মাসে দিল্লির মেহরৌলিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে আফতাবের বিরুদ্ধে। দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রাখা ও জঙ্গলে ফেলে দেওয়ার এই নৃশংস ঘটনায় ২০২৩ সালের জানুয়ারিতে চার্জশিট পেশ করে পুলিশ। বর্তমানে ফাস্ট-ট্র্যাক আদালতে মামলাটির বিচার প্রক্রিয়া চলছে, তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আফতাব। এমতাবস্থায় বিচারাধীন অভিযুক্ত হিসেবে তাঁর সুরক্ষা নিশ্চিত করা জেল কর্তৃপক্ষের দায়িত্ব বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি আদালত।