ইউনেস্কো লোগো দুর্নীতিতে তোলপাড়, ইন্দ্রনীল সেনের ডানহাত ধ্রুবজ্যোতি গ্রেফতার!
বার্তা ডেস্কঃ
ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর ভিআইপি পাস এবং প্রিভিউ শো-এর টিকিট বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতি কাণ্ডে এবার গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সাগরেদ ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। কলকাতা পুলিশের হাতে টেরিটি বাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া শুভ ছিলেন জনপ্রিয় ‘মাস আর্ট’ সংস্থার সচিব এবং টালা প্রত্যয় পুজো কমিটির প্রভাবশালী কর্তা। তদন্তকারীদের দাবি, প্রায় ১১৫ কোটি টাকার এই আর্থিক তছরুপের জালে প্রাক্তন মন্ত্রীর বেআইনি অর্থ আড়াল করা ও দুর্নীতি বিস্তারের প্রধান দায়িত্বে ছিলেন এই ধ্রুবজ্যোতিই।
পুলিশ সূত্রের খবর, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে গঠিত এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়, যার মধ্যে কেবল পাস বিক্রি থেকেই আয় হয় ৩০ থেকে ৬০ কোটি টাকা। সংস্থাটিতে সরাসরি যুক্ত না থেকে ধ্রুবজ্যোতি এবং নিজের স্ত্রীর মাধ্যমে নেপথ্যে থেকে সমস্ত দুর্নীতি পরিচালনা করতেন ইন্দ্রনীল সেন। পাশাপাশি, কলকাতা পুরসভার সম্পত্তি ও জিমখানা মাঠ বেআইনিভাবে দখলের অভিযোগও রয়েছে অভিযুক্ত শুভর বিরুদ্ধে। ইন্দ্রনীল সেনের পর তাঁর প্রধান সহযোগীর গ্রেফতারিতে এই হাইপ্রোফাইল দুর্নীতির তদন্ত নতুন মাত্রা পেল।