পরীক্ষার সূচিতে বড় পরিবর্তন, এবার পাঠ্যক্রমেও নতুন চমক!
বার্তা ডেস্কঃ
২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে হচ্ছে না, দেশজুড়ে জনগণনার কাজে শিক্ষকদের ব্যস্ততার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার পর্ষদ, সংসদ ও স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, মাধ্যমিক ১৫ ফেব্রুয়ারির বদলে আগামী ২ মার্চ থেকে এবং উচ্চ মাধ্যমিক ১৬ মার্চ কিংবা দোলযাত্রার পর শুরু হতে পারে। তবে চূড়ান্ত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি রাজ্যের স্কুলপাঠ্যক্রমে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ২০২৭ সাল থেকে সপ্তম ও অষ্টম শ্রেণিতে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোডিং সংবলিত কম্পিউটার শিক্ষা চালু হচ্ছে এবং একইসঙ্গে ওই শ্রেণিতে তৃতীয় ভাষার বইও প্রকাশিত হবে। এ ছাড়া সরকারি পাঠ্যবইয়ে সম্পূর্ণ বন্দে মাতরম ও সংবিধানের প্রস্তাবনা যুক্ত করার পাশাপাশি পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান পাঠ্যক্রমে স্থান পেলেও বাদ দেওয়া হয়েছে সিঙ্গুর আন্দোলন।