২ কোটির ঘুষ কাণ্ড, সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
প্রাক্তন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: তদন্তের নির্দেশ কেরালা সরকারের
তিরুবনন্তপুরম: কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের অধীনস্থ একটি সড়ক নির্মাণ প্রকল্পে আর্থিক দুর্নীতি ও ঘুষ দাবির অভিযোগে তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কেরালা সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা সরকারি দুর্নীতি দমন শাখাকে (ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন বিউরো) ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য পূর্ণাঙ্গ তদন্তের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক উত্তাপের আবহে রাজ্য সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অভিযোগকারী, কোল্লাম জেলার এক প্রাক্তন ঠিকাদারের দাবি, প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমার ব্যক্তিগত স্বার্থে ২ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। দপ্তরের ইঞ্জিনিয়ারদের অনুমোদনের পরেও তিনি ইচ্ছাকৃতভাবে ১৭ কোটি টাকার সরকারি চেক আটকে রাখেন। এই আর্থিক বঞ্চনার জেরে সংশ্লিষ্ট প্রকল্পে নিযুক্ত মালয়েশিয়ান নির্মাণ সংস্থাটি চরম ক্ষতির মুখে পড়ে এবং দেউলিয়া হয়ে যায়।
ঘটনার মর্মান্তিক পরিণতি ঘটে ২০০৬ সালে, যখন ওই মালয়েশিয়ান সংস্থার শীর্ষ ইঞ্জিনিয়ার লি সি বিন আত্মহত্যা করেন। ঠিকাদারের অভিযোগ, মৃত ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের নাম এবং ঘুষ দাবির সুস্পষ্ট উল্লেখ ছিল।
ভিজিল্যান্সের কাছে জমা দেওয়া অভিযোগে আরও বলা হয়েছে, অতীতে এই ঘটনার প্রাথমিক তদন্তে যারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, তারা প্রকৃত ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না; ফলে তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছিল। নিরপেক্ষ বিচারের স্বার্থে এবার মৃত ইঞ্জিনিয়ারের পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার প্রাক্তন কর্মীদের জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সবুজ সংকেত মেলার পর ভিজিল্যান্স বিভাগ এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করছে।