ছুটির দিন কমছে রাজ্যে, শুভেন্দুর প্রস্তাবে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে বছরে মাত্র ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং কাজের সংস্কৃতি ফেরাতেই ছুটির তালিকায় কাটছাঁট করা হচ্ছে। চলতি বছরে ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন থাকলেও, অর্থসচিবকে তা আরও কমিয়ে ৪০ দিনে নামানোর নির্দেশ দিয়েছেন তিনি। তবে নির্দিষ্ট কোন কোন ছুটি বাদ পড়বে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
পূর্ববর্তী সরকারের আমলে জামাইষষ্ঠীর অর্ধদিবস ছুটি সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান এবং মনীষীদের জন্মদিনে ছুটির তালিকা দীর্ঘ হয়েছিল। সেই ধারায় রাশ টেনে বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে তৎপর হয়েছে নতুন সরকার। পাশাপাশি, রাজস্ব আদায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন, অতিরিক্ত কর না বসিয়েই পূর্বতন সরকারের চেয়ে প্রথম ছ’মাসেই চার হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা হয়েছে। আগের জমানায় রাজস্ব লুঠ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।