চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার জয়, ইতিহাস গড়ে রিয়াল-বায়ার্নের রেকর্ড ভাঙল কোমো!

বার্তা ডেস্কঃ

 

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ার পথে সেস ফাব্রেগাসের কোমো

স্পোর্টস ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারানোর পর এবার ফরাসি ক্লাব লেন্সকে তাদেরই মাঠে ৯-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়ল ইটালির ক্লাব কোমো। সেস ফাব্রেগাসের কোচিংয়ে ইউরোপের সেরা টুর্নামেন্টে রূপকথার মতো পারফরম্যান্স করছে এই অনামী ক্লাব।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ সেস ফাব্রেগাস বলেন, “আজ সব কিছুই আমাদের পক্ষে গিয়েছে। কোমোর সমর্থকদের জন্য এটি একটি দুর্দান্ত রাত।” বার্সেলোনার প্রাক্তন তারকা ফাব্রেগাস কোচ হিসেবে নিজের প্রথম দায়িত্বেই এমন সাফল্যে ফুটবল বিশ্বে সাড়া ফেলেছেন।

এই জয়ের মাধ্যমে বেশ কয়েকটি রেকর্ড নিজেদের দখলে নিয়েছে কোমো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে এত বড় ব্যবধানে জয়ের নজির আগে ছিল না। ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ৮-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে যে রেকর্ড গড়েছিল, তা ভেঙে দিল ইটালির এই ক্লাব। পাশাপাশি জয়ের ব্যবধানের নিরিখেও কোমো নতুন ইতিহাস গড়েছে। এর আগে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল ৮ গোলের ব্যবধানে জিতলেও কেউই ম্যাচে ৯টি গোল করতে পারেনি, যা করে দেখাল কোমো।

ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন কোমোর ফরোয়ার্ড তাসোস দৌভিকাস। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের খেলা চারটি ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। আপাতত ৬ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এই ফুটবলার। এছাড়া প্রথম চার ইউরোপীয় ম্যাচে ১৯ গোল করার রেকর্ডও স্পর্শ করেছে কোমো; ১৯৭৬ সালে কুইন্স পার্ক রেঞ্জার্স প্রথম চার ম্যাচে ১৯ গোল করেছিল।

পয়েন্ট তালিকায় চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে কোমো। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি ও রিয়াল মাদ্রিদ এবং ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। বড় বড় ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে নেমে স্বপ্ন দেখাচ্ছে ফাব্রেগাসের শিষ্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *