আলুচাষিদের জন্য দারুণ সুখবর, ভিনরাজ্যে ট্রাক আটকালে এবার কড়া ব্যবস্থা!

বার্তা ডেস্কঃ

 

আলুচাষিদের জন্য ভর্তুকি ও একগুচ্ছ সহায়তার ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিবেদক, হুগলি: হুগলির পুরশুড়ায় কৃষক সম্মাননিধি প্রকল্পের সূচনার মঞ্চ থেকে রাজ্যের আলুচাষিদের জন্য একগুচ্ছ সহায়তামূলক পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি আলু পরিবহণ ও বিপণন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পাশাপাশি চাষিদের স্বার্থ রক্ষায় একাধিক ভর্তুকির কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে ভিন্‌রাজ্যে আলু পরিবহণে কোনো বাধা থাকবে না। তাঁর অভিযোগ, পূর্বতন সরকারের আমলে পুলিশকে মৌখিক নির্দেশ দিয়ে আন্তঃরাজ্য আলু পরিবহণ আটকে রাখা হতো, যার ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হতেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যতদিন এই সরকার থাকবে, কোনো আলুচাষির গাড়ি আটকানো যাবে না।”

কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য ফেরাতে রেল বা সড়কপথে আলু পরিবহণের ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া, কৃষি পণ্য বিপণন আইনের আওতায় হিমঘরগুলোকে ‘মার্কেট ইয়ার্ড’ হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি, ২০০টি মার্কেট ইয়ার্ডে ৫ ও ১০ মেট্রিক টন ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

হিমঘরে মজুত আলুর বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে হিমঘরগুলোতে যে ২৭ লক্ষ মেট্রিক টন আলু অবশিষ্ট রয়েছে, তা ৩০ নভেম্বরের মধ্যে বের করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে।

‘মাঠ মান্ডি’ প্রকল্পের অধীনে প্রতিটি মান্ডির জন্য তিন কোটি টাকা করে মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে কৃষি পণ্য বিপণনে আরও ৫৫০টি নতুন আউটলেট যুক্ত করার কথাও জানিয়েছেন তিনি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, আলুকে ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-র অন্তর্ভুক্ত করা হচ্ছে। চাষিকে আর বিমার প্রিমিয়ামের টাকা দিতে হবে না, তা রাজ্য সরকার বহন করবে। এছাড়া, ফ্রি বন্ডে আলুর দাম প্রতি কুইন্টালে ১১২০ টাকার নিচে নেমে গেলে, সরকার চাষিদের ভর্তুকি প্রদান করবে।

পুর্বতন সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারের কালোবাজারি এবং আলুর ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে চাষিরা দীর্ঘকাল ধরে জর্জরিত ছিলেন। নতুন এই পদক্ষেপগুলোর মাধ্যমে চাষিদের বিপন্নতা কাটিয়ে তাঁদের আয়ের পথ সুগম করাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *