সিঙ্গুরে নতুন শিল্পায়ন! অশোক লেল্যান্ডের কারখানা নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর

বার্তা ডেস্কঃ

রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশের পরই সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাটাদের ন্যানো বিতর্কের পর এবার সেখানেই ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের কারখানা গড়ে তোলার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিউটাউনে আয়োজিত কর্মসূচি থেকে তিনি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট গাড়ি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি আশ্বাস দেন, শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে বামফ্রন্ট জমানার মতো আর কোনও কৃষকের রক্ত ঝরবে না।

নতুন এই শিল্পনীতিতে রাজ্যজুড়ে বিনিয়োগ টানতে একাধিক আকর্ষণীয় সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। বড় শিল্পের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে ১২০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা, মহিলাদের কর্মসংস্থানে অতিরিক্ত সুবিধা, হস্টেল তৈরিতে অনুদান এবং ১০০ শতাংশ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ছাড়ের মতো সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি অলাভজনক প্রতিষ্ঠান, রুগ্ন শিল্প পুনরুদ্ধার ও অনগ্রসর এলাকায় কারখানার ক্ষেত্রে বিশেষ উৎসাহ ভাতা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তাজপুর বন্দর ও পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে পূর্বসূরিদের সমালোচনা করলেও সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট পরিকল্পনা যে রয়েছে, তা পুনর্ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *