মেয়ের সঙ্গে কর্মচারীকে দেখে চরম সিদ্ধান্ত, রাগের মাথায় পিটিয়ে খুন শিল্পপতির!
বার্তা ডেস্কঃ
প্রেমিকার বাবার হাতে নির্মমভাবে খুন যুবক, নেপথ্যে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ
বেঙ্গালুরু: নিজের ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে কেরলের বাসিন্দা এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বেঙ্গালুরুতে ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম কিরণ (২২)। তিনি অভিযুক্ত ব্যবসায়ী আনন্দরাজের ম্যানুফ্যাকচারিং কো ম্পা নিতে কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা কিরণ কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে আনন্দরাজের সংস্থায় কাজ করতেন। সম্প্রতি আনন্দরাজ জানতে পারেন, তাঁর মেয়ের সঙ্গে কিরণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। মেয়েটি পড়াশোনার সূত্রে বাইরে থাকলেও ছুটিতে বাড়িতে এসেছিলেন।
ঘটনার দিন মঙ্গলবার সকালে আনন্দরাজ ও তাঁর স্ত্রী মেয়েকে জানান যে, তাঁরা বিশেষ কাজে বাইরে যাচ্ছেন এবং একদিন পর ফিরবেন। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তাঁরা আচমকা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে কিরণ ও তাঁদের মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ক্ষুব্ধ আনন্দরাজ মেয়েকে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে পাঠিয়ে দেন। এরপরই কিরণের ওপর শুরু হয় অকথ্য নির্যাতন। প্রচণ্ড মারধরের ফলে কিরণ গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
এদিকে, নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিরণের মাসতুতো ভাই প্রসাদের অভিযোগ, কিরণকে একা পাওয়ার জন্য আনন্দরাজ সুপরিকল্পিতভাবে তাঁর ভাইকে ডেলিভারির বাহানায় উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে খুনের সময় কেউ বাধা দেওয়ার না থাকে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আনন্দরাজের পাশাপাশি ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ ও চক্রান্তের বিষয়টি নিশ্চিত করতে অভিযুক্ত ব্যবসায়ীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।