১৫০ কোটি বনাম ১০০ কোটি! রাম ও রাবণের পারিশ্রমিক ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া!
বার্তা ডেস্কঃ
রামায়ণ-এর দুই মহারথী: রণবীর ও যশের বিপুল সম্পদের খতিয়ান
বিনোদন ডেস্ক: পরিচালক নীতীশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ১’ নিয়ে চলচ্চিত্র প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এই মহাকাব্যে ‘রাম’ ও ‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রণবীর কাপুর এবং কন্নড় সুপারস্টার যশ। অভিনয়ের পাশাপাশি এই দুই তারকার ব্যক্তিগত সম্পদ এবং আসন্ন ছবির পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় দুই দশকের ক্যারিয়ারে ‘অ্যানিম্যাল’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘বরফি’-র মতো সফল ছবি উপহার দেওয়া রণবীর কাপুরের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৭৫ কোটি টাকা। সিনেমা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে এই বিশাল সম্পদের মালিক হয়েছেন তিনি। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকার শীর্ষে রয়েছেন রণবীর।
অন্যদিকে, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর সাউথ সুপারস্টার যশের মার্কেট ভ্যালু আকাশছোঁয়া। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০ থেকে ৬০ কোটি টাকা। অভিনয় ছাড়াও ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে ব্যবসায়িক জগতে পা রেখেছেন তিনি। বেঙ্গালুরুতে বিলাসবহুল ডুপ্লেক্স ও দামি গাড়ির কালেকশন রয়েছে তাঁর।
‘রামায়ণ’ ছবিটির জন্য দুই তারকার পারিশ্রমিক ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল। শোনা যাচ্ছে, এই মহাকাব্যের দুটি পর্বের জন্য রণবীর কাপুর নিচ্ছেন প্রায় ১৫০ কোটি টাকা। রাবণ চরিত্রে অভিনয়ের জন্য যশ পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি টাকার কাছাকাছি। তবে যশের ক্ষেত্রে হিসেবটা ভিন্ন—তিনি কেবল অভিনেতা নন, এই সিনেমার অন্যতম সহ-প্রযোজকও। ফলে পারিশ্রমিকের পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও তিনি বড় অংকের অর্থ আয় করবেন।
সম্পদের বিচারে বর্তমানে রণবীর কাপুর এগিয়ে থাকলেও, যশের বিশ্বব্যাপী ফ্যানবেস এবং সহ-প্রযোজক হিসেবে তাঁর বাণিজ্যিক প্রভাব যে কোনো সময় এই হিসেব বদলে দিতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।