হাসপাতালে চিকিৎসাধীন রোগী, ভেতরে রেখেই নার্সিংহোমে তালা দিলেন মালিক!
বার্তা ডেস্কঃ
ঘাটালের নার্সিংহোমে জোরপূর্বক দখলের চেষ্টা, উত্তেজনা এলাকায়
ঘাটাল: ঘাটালের কুশপাতায় ‘রাজদীপ সেবাকেন্দ্র’ নামের একটি বেসরকারি নার্সিংহোমে জোরপূর্বক তালা কেটে দখলের চেষ্টার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। রোগী ভর্তি থাকা অবস্থায় এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকেই থানায় তলব করেছে ঘাটাল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নার্সিংহোমের মালিক দীপা বন্দ্যোপাধ্যায় কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হঠাৎ সেখানে হাজির হন। নিয়মের তোয়াক্কা না করে তিনি নার্সিংহোমের মূল গেটের তালা কেটে ভেতরে ঢুকে দখলের চেষ্টা চালান। সেই সময় নার্সিংহোমে একাধিক রোগী চিকিৎসাধীন ছিলেন, যার ফলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তি সামনে এসেছে। বাড়ির মালিক দীপা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১২ বছরের চুক্তিতে লিজ দেওয়া হলেও গত কয়েক মাস ধরে নার্সিংহোম কর্তৃপক্ষ ভাড়ার টাকা মেটাচ্ছে না। বকেয়া ভাড়ার কারণেই তিনি নিজের সম্পত্তির দখল নিতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিনিধি জবা বর্মন চক্রবর্তীর দাবি, চুক্তি বা আইনি বিবাদ থাকলেও এভাবে গায়ের জোরে তালা কেটে ভেতরে ঢোকা এবং চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটানো বেআইনি। আইনজ্ঞদের মতে, ভাড়া বা চুক্তি সংক্রান্ত জটিলতা নিরসনে নির্দিষ্ট আইনি পথ থাকলেও, রোগীদের জীবন ঝুঁকিতে ফেলে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ উভয় পক্ষকেই থানায় তলব করেছে। চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আপাতত পুরো বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।