মহাকরণের পেছনে বহুতলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই নথিপত্র ও কম্পিউটার
সপ্তাহের প্রথম ব্যস্ত দিনে সোমবার ভোরে কলকাতার মহাকরণের পিছনের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বহুতলের উপরের অংশ থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখে দ্রুত পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বহুতলের চতুর্থ তলায় অবস্থিত একটি সংস্থার অফিসে আগুন লাগায় সেখানকার বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটারসহ অন্যান্য দামি সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। সকালের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও বিল্ডিংয়ের কয়েকটি জায়গায় পকেট ফায়ার থাকায় দমকলকর্মীরা দ্রুত কুলিং প্রসেস শুরু করেন।
কীভাবে এই আগুন লাগল তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি এবং শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ আগুন নেভার পর বিস্তারিত তদন্ত করে জানা যাবে বলে জানিয়েছে দমকল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ফলেই ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বহুতলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন এবং উত্তর কলকাতার চিৎপুরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।