চোরবাগান বিপর্যয়কে ‘ছোট্ট ঘটনা’ বলে চরম বিতর্কে বিধানসভার অধ্যক্ষ! ‘বিবৃতি দিয়ে সংশোধনের’ দাবি কুণালের
দুর্গাপুজোর সপ্তমীতে চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুকে ‘ছোট্ট ঘটনা’ বলে উল্লেখ করে তীব্র বিতর্কে জড়ালেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। সোমবার বিধানসভায় বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, দুর্গাপুজোয় সবাই আনন্দ করেছেন, একটি ‘ছোট্ট ঘটনায়’ মন ভারাক্রান্ত হলেও পরবর্তীতে বিজয়া দশমীতে সবাই শুভেচ্ছা বিনিময় করেছেন। অধ্যক্ষের এই মন্তব্যের পরই সরব হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, এত বড় মৃত্যুমিছিল কীভাবে অধ্যক্ষের মুখে ‘ছোট্ট ঘটনা’ হিসেবে উঠে এল! পাশাপাশি, অবিলম্বে বিবৃতির মাধ্যমে মন্তব্যটি সংশোধনের এবং আগামী অধিবেশনে শোকপ্রস্তাবে নিহতদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান কুণাল।
অন্যদিকে, এই ভয়াবহ চোরবাগান বিপর্যয়ের নিরপেক্ষ তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছে। সিট প্রধান প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানান, গত শনিবারের বৈঠকে দায়িত্বপ্রাপ্ত গিরিশ পার্ক থানার পুলিশ আধিকারিক ও দমকল বাহিনীর কর্তাসহ প্রায় ১২-১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পরবর্তী বৈঠকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ডাকা হতে পারে। উল্লেখ্য, এর আগে ২৬ অক্টোবর মহাকরণে প্রথম দফার বৈঠকের পর সংগৃহীত তথ্য যাচাইয়ের কাজ শেষ করেছে সিট।