বাঁকুড়ায় বাইক আরোহীর ওপর ভয়াবহ হামলা, নদী থেকে উঠে এসেই শেষ করল সঙ্গীর চোখের সামনে!
হাতির হানায় পিষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের, এলাকায় শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের বেলুট এলাকায়। মৃতের নাম বরেন তুং (৬৭)। তাঁর বাড়ি বাঁকুড়ারডাঙা এলাকায়।
বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৮টা নাগাদ বরেন তুং এক সঙ্গীকে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। বেলুট এলাকার শালি নদীর কাছে পৌঁছাতেই আচমকা একটি হাতিকে রাস্তা পার হতে দেখেন তাঁরা। হাতির সামনে পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ওপর পড়ে যায়। বাইকের চালক ও আরোহী তড়িঘড়ি পালানোর চেষ্টা করেন। বরেন তুংয়ের সঙ্গী কোনোক্রমে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও, হাতিটি বরেন তুংকে আক্রমণ করে। পিষ্ট হওয়ার ফলে ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত অবস্থায় বরেন তুংকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, লোকালয়ের কাছাকাছি হাতির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে। বন দফতরের নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, হাতির চলাচলের পথে আগাম সতর্কতা এবং নিয়মিত নজরদারি থাকলে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হতো। ঘটনার পর থেকে এলাকায় বন দফতরের নজরদারি বাড়ানো হয়েছে।