নৈহাটির বড়মাকে নিয়ে কেন এই বড় সিদ্ধান্ত, জানুন আসল কারণ!
নৈহাটির বড়মা মন্দিরের ট্যাগলাইন পরিবর্তন: নতুন স্লোগান ‘বড়মায় ভক্তি, সনাতনের শক্তি’
নৈহাটি: রাজনৈতিক পালাবদলের আবহে এবার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরের মূল ট্যাগলাইন বা মূলমন্ত্র পরিবর্তন করা হলো। দীর্ঘদিনের প্রচলিত স্লোগান ‘ধর্ম যার যার, বড় মা সবার’-এর পরিবর্তে এখন মন্দিরের প্রবেশপথে লেখা হয়েছে, ‘বড়মায় ভক্তি, সনাতনের শক্তি।’
মন্দির কর্তৃপক্ষের দাবি, ভক্তদের দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কমিটির সদস্য অর্ণব রায় বলেন, “বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরেই ট্যাগলাইন পরিবর্তনের অনুরোধ আসছিল। সনাতন ধারণা জাগ্রত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। আমাদের মতে, মা তো সবার, তা আলাদা করে লিখে জানানোর প্রয়োজন নেই। যে আরাধনা করবে, মা তারই।” তিনি আরও উল্লেখ করেন যে, এই পরিবর্তনের মাধ্যমে তারা সনাতন ধর্মের আদর্শকে প্রতিফলিত করতে চেয়েছেন।
এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় ভক্তদের মধ্যে। কেউ কেউ নতুন এই স্লোগানকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকের মতে পুরনো স্লোগানটিই অধিকতর প্রাসঙ্গিক ছিল। এক ভক্তের মতে, মন্দিরের বর্তমান পরিবেশ ও পরিবর্তনের বিষয়টি ইতিবাচক।
এদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হলেও স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, “নৈহাটিবাসী দীর্ঘ দিন ধরেই চাইছিলেন সনাতনী আদর্শ অনুযায়ী মন্দিরের পরিচয় থাকুক। মন্দির কমিটির কাছেও সেই আবেদন ছিল। এর সঙ্গে রাজনৈতিক পালাবদলের কোনো সম্পর্ক নেই। বর্তমান সরকার তোষণের রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করি।”
উল্লেখ্য, নতুন ট্যাগলাইনটি মন্দির চত্বরে নতুন করে খোদাই করার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা তুঙ্গে। ভক্তদের বড় অংশের মতে, সনাতনী ভাবাবেগকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।