বিপজ্জনক বাড়ি সরাতে ১৫ দিনের ডেডলাইন, কড়া পদক্ষেপ কালনা পুরসভার!
বার্তা ডেস্কঃ
শহরবাসীর নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ করল কালনা পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় প্রাথমিকভাবে ৯টি বিপজ্জনক ও জরাজীর্ণ ভবন চিহ্নিত করে তাতে নোটিস টাঙানোর কাজ শুরু হয়েছে। পুর কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে বাড়ির মালিকদের নিজেদের উদ্যোগে এই বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে হোল্ডিং নম্বর অনুযায়ী ব্যক্তিগতভাবে নোটিস পাঠিয়ে প্রয়োজনে আইনানুগ কঠোর পদক্ষেপ করা হবে।
পুরসভার মতে, প্রাকৃতিক দুর্যোগ বা বর্ষার সময়ে এই জরাজীর্ণ ভবনগুলি ভেঙে পড়লে বড়সড় প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিশেষ করে মেজ কালী মায়ের মন্দিরের মতো জনবহুল এলাকার পুরনো ভবনগুলিতে পুজোর সময়ে প্রচুর ভিড় হয়, যা বাড়তি দুশ্চিন্তার কারণ। অতীতে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বাসিন্দারা পদক্ষেপ না করায় শেষ পর্যন্ত বড় বিপর্যয় এড়াতে এই কড়া সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।