শান্তিপুরের বামা কালীর নাচ ঘিরে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ আধিকারিকরা
নদিয়ার শান্তিপুরে ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জন উপলক্ষে মাকে কাঁধে নিয়ে নৃত্য দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে এবার রাস্তার পরিবর্তে বিশাল ফাঁকা মাঠে মায়ের নৃত্যের আয়োজন করা হয়েছে এবং নিরাপত্তায় বাড়তি তৎপরতা নেওয়া হয়েছে। শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট, বামা কালীর মন্দির প্রাঙ্গণ ও নৃত্যের মাঠ পরিদর্শন করেন এবং মন্দিরে গিয়ে মায়ের দর্শন করেন।
ইতিমধ্যেই নৃত্যের মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ও অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে এবং মাঠ থেকে নিরঞ্জন ঘাট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে ঐতিহ্য ও উৎসবের আনন্দ অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার শান্তিপুর জুড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।