১ লক্ষ ১০ হাজার ডাক্তারের নাম রেড লিস্টে, নজিরবিহীন পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের!
বার্তা ডেস্কঃ
রাজ্যে ভুয়ো চিকিৎসক রুখতে ‘নো ইওর ডক্টর’ অভিযানের ঘোষণা স্বাস্থ্য দপ্তরের
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভুয়ো চিকিৎসকদের দৌরাত্ম্য রুখতে এবং চিকিৎসকদের নথিপত্র যাচাইয়ের লক্ষ্যে বিশেষ ‘মেগা অভিযান’ শুরু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘নো ইওর ডক্টর’ (KYD) বা ‘আপনার চিকিৎসককে জানুন’। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
সম্প্রতি একটি নমুনা সমীক্ষায় বেশ কিছু সন্দেহভাজন ও ভুয়ো চিকিৎসকের সন্ধান মেলায় নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই রাজ্যের ১ লক্ষ ১০ হাজার নিবন্ধিত চিকিৎসকের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই যাচাই প্রক্রিয়া দুটি পদ্ধতিতে সম্পন্ন হবে:
১. ম্যানুয়াল কেওয়াইডি (MKYD): চিকিৎসকরা সরাসরি রাজ্য মেডিক্যাল কাউন্সিলে উপস্থিত হয়ে তাঁদের শিক্ষাগত যোগ্যতার আসল শংসাপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেবেন।
২. ভিডিও কেওয়াইডি (VKYD): বয়স্ক, অসুস্থ কিংবা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি নথি যাচাইয়ের সুবিধা রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রয়োজনে বেসরকারি এজেন্সির সহায়তা নেওয়া হতে পারে।
বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রতিবেশী রাজ্যগুলি থেকে আসা চিকিৎসকদের ওপর। ওড়িশা, বিহার, আসাম ও ঝাড়খণ্ড থেকে এসে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন বা মাইগ্রেশন নেওয়া চিকিৎসকদের শংসাপত্রের সত্যতা যাচাই করতে ওই রাজ্যগুলির মেডিক্যাল কাউন্সিলে প্রতিনিধি দল পাঠাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
স্বাস্থ্য ভবনের আইটি বিভাগকে এই প্রক্রিয়ার জন্য সফটওয়্যার আধুনিকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযানের মাধ্যমে কেবল ভুয়ো চিকিৎসক শনাক্ত করাই নয়, বরং মৃত, বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী অথবা দীর্ঘ সময় ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের নামও মেডিক্যাল কাউন্সিলের নথি থেকে বাদ দেওয়া হবে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।