পারদ নামছে হু হু করে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা!
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও নতুন সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই; মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার পর ফের শুষ্ক আবহাওয়ায় ফিরবে রাজ্য।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সপ্তাহের শুরুতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের ওপর আগামী কয়েকদিন রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।