দীপাবলিতে বন্ধ মদের দোকান, কোন কোন রাজ্যে জারি ড্রাই ডে?
দীপাবলি উপলক্ষ্যে দিল্লি, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদন: দীপাবলি উপলক্ষ্যে দিল্লি, উত্তরপ্রদেশ এবং এনসিআর (NCR) অঞ্চলসহ দেশের একাধিক রাজ্যে ৮ নভেম্বর ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির আবগারি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ওইদিন কোনো সরকারি বা বেসরকারি মদের দোকান, মডেল শপ কিংবা বারে মদ বিক্রি ও পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নির্দেশনায় জানানো হয়েছে, ৮ নভেম্বর দেশি বা বিদেশি মদ এবং বিয়ারের দোকান পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ বার, পাব এবং রেস্তরাঁগুলোতে মদ পরিবেশন করা যাবে না, তবে খাবার ও মদ ছাড়া অন্যান্য পানীয় পরিবেশনে কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
তবে এই নিয়মের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ছাড় দেওয়া হয়েছে। দিল্লির লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলোতে আগত অতিথিরা রুম সার্ভিসের মাধ্যমে মদ্যপানের সুবিধা পাবেন। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের নির্দিষ্ট লাইসেন্সধারী চার ও পাঁচতারা হোটেলগুলোকেও এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। যদিও এই হোটেলগুলোর সাধারণ বার বা পাবলিক পানশালাগুলো বন্ধই থাকবে।
আবগারি দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী, শুধু দীপাবলি নয়, আগামী ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী এবং ২৫ ডিসেম্বর বড়দিনেও দিল্লি ও উত্তরপ্রদেশে ‘ড্রাই ডে’ পালিত হবে। এছাড়া হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও ৮ নভেম্বর মদের দোকান বন্ধ থাকবে। মহারাষ্ট্রে দীপাবলির দিন মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ধনতেরাস, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটার দিন দোকান খোলা থাকবে।
নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, নিয়ম অমান্য করে মদ বিক্রি বা পরিবেশন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বড় অঙ্কের জরিমানা করা হবে। অপরাধের গুরুত্ব বুঝে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। এদিকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৮ নভেম্বর মদের দোকান খোলা থাকবে কি না, তা নিয়ে রাজ্য আবগারি দপ্তরের চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট মহল।