ভাইফোঁটার পাতে চমক, ডিম-মুসুরের ডালনায় মাতুক সবার মন!

 

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু ‘ডিম-মুসুর ডালের আমিষ ধোঁকার ডালনা’

নিজস্ব প্রতিবেদন: সাধারণ উপকরণে নতুন স্বাদের কোনো পদ খুঁজছেন? বাড়িতে ডিম ও মুসুর ডাল থাকলেই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন জিভে জল আনা ‘আমিষ ধোঁকার ডালনা’। অত্যন্ত সুস্বাদু এবং চটজলদি তৈরি করা যায় এমন এই পদের রেসিপি নিচে দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ:
আমিষ ধোঁকা তৈরির জন্য প্রয়োজন—১ বাটি ভেজানো মুসুর ডাল, ২টি ডিম, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কা কুচি (২ টেবিল চামচ) এবং স্বাদমতো নুন।

গ্রেভি বা ঝোলের জন্য লাগবে—১টি আলু, ১ চা চামচ জিরে, ১টি তেজপাতা, ৪টি কাঁচালঙ্কা, ১টি পেঁয়াজ, ১টি টমেটো, ৫-৬ কোয়া রসুন, ১ টেবিল চামচ আদা কুচি, ৩ টেবিল চামচ টক দই, হলুদ, লঙ্কা, জিরে, ধনে ও গরম মশলা গুঁড়ো (প্রতিটি ১ চা চামচ করে), ১ টেবিল চামচ ঘি এবং প্রয়োজনীয় তেল।

প্রস্তুত প্রণালী:
প্রথমে ভেজানো মুসুর ডাল মিহি করে বেটে নিন। এতে ডিম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা কুচি ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি স্টিলের পাত্রে সামান্য তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢালুন। কড়াইতে জল গরম করে ২০ মিনিটের জন্য ভাপে (ভাপা পদ্ধতিতে) বসিয়ে দিন। ১৫ মিনিট পর পাত্রটি নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হলে বরফির আকারে কেটে নিন।

এরপর কড়াইতে তেল গরম করে কেটে রাখা ধোঁকাগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই জিরে, তেজপাতা ও কাঁচালঙ্কা ফোরন দিন। এরপর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষান। মশলা কষানো হলে তাতে গুঁড়ো মশলা ও টক দই দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

মশলা থেকে তেল ছাড়লে স্বাদমতো নুন, চিনি ও পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ঝোল ফুটিয়ে নিন। ঝোলে আলু দিয়ে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোঁকাগুলো ঝোলে দিয়ে দিন। সবশেষে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু ‘আমিষ ধোঁকার ডালনা’। ভাতের সঙ্গে এই পদটি পরিবেশনের জন্য অত্যন্ত আদর্শ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *