মরণপণ লড়াইয়ে আকাশপথে গুজরাতের ভানতারায় পৌঁছাল অসুস্থ হাতি শাবক মায়া!

উন্নত চিকিৎসার জন্য জামনগরের ভানতরায় স্থানান্তরিত হস্তিশাবক ‘মায়া’

নিজস্ব প্রতিবেদন, জামনগর: কেরল থেকে উদ্ধার হওয়া অনাথ হস্তিশাবক ‘মায়া’কে উন্নত চিকিৎসার জন্য জামনগরের ভানতরায় স্থানান্তর করা হয়েছে। গত বছর মালালয়াত্তুরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর মায়া বনকর্মীদের তত্ত্বাবধানে বড় হচ্ছিল। তবে জুলাই মাসে কাঁধে গুরুতর চোট পাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একাধিক হাড় ভেঙে যাওয়া ও ফুসফুসে সংক্রমণের জেরে সে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে লাইফ সাপোর্টসহ বিশেষ বিমানে তাকে জামনগরের অত্যাধুনিক পশু হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে ভানতারার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে মায়ার চিকিৎসা চলছে। তার শরীরে ব্যথা উপশম ও জরুরি পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মায়ার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক হলেও, উন্নত চিকিৎসা পরিকাঠামোয় সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। বন বিভাগ ও পশু চিকিৎসকদের বিশেষ তৎপরতায় মায়ার প্রাণরক্ষার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *