শুধু পিওকে নয়, এবার নোয়াখালি-চট্টগ্রামও পুনরুদ্ধারের দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের!

শুধু পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) নয়, বাংলাদেশের নোয়াখালি, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল ভারতের পুনরুদ্ধার করা উচিত বলে দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ওপর দায় চাপিয়ে বলেন, ১৯৪৭ সালে দেশভাগের সময় ত্রিপুরার তৎকালীন রাজা বীরবিক্রম সিংহের আপত্তি সত্ত্বেও নেহরু এই তিন জেলা পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। তাঁর মতে, চট্টগ্রাম বন্দর না থাকার কারণেই আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চল পিছিয়ে পড়েছে এবং বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে। তাই ভারতের স্বার্থে এই অঞ্চলগুলি ফিরিয়ে এনে নেহরুর ভুলের প্রায়শ্চিত্ত করা প্রয়োজন।

ঝাড়খণ্ডের গোড্ডার এই বিজেপি সাংসদের মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অপ্রয়োজনীয় জটিলতা ও উত্তেজনা তৈরি করতে পারে। প্রসঙ্গত, এর আগেও পশ্চিমবঙ্গ ও বিহারের একাংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার হয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছিলেন এই বিতর্কমুখী সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *