সমুদ্রপথে ভয়াবহ হামলার ছক! চরনা দ্বীপে লস্করের ‘সমুন্দরি জেহাদি’ প্রশিক্ষণ
করাচি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে আরব সাগরের চরনা দ্বীপে সমুদ্রপথে বড়সড় হামলার ছক কষছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। গোয়েন্দা সূত্রে খবর, লস্করের সামুদ্রিক শাখা ‘দাওয়া মেরিন উইং’ এবং রাজনৈতিক শাখা ‘পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ’-এর যৌথ উদ্যোগে সেখানে ‘সমুন্দরি জেহাদি’দের স্কুবা ডাইভিং, কমব্যাট সুইমিং ও জলের নিচে সামরিক অভিযানের গোপন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যটকদের ভিড় এবং পাক নৌসেনার ফায়ারিং রেঞ্জের আড়ালে জঙ্গিদের সাধারণ পর্যটক সাজিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে, যা সাধারণের পক্ষে টের পাওয়া কঠিন।
২৬/১১ মুম্বই হামলার স্মৃতি উস্কে দিয়ে আবারও সমুদ্রপথে ভারতে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীরা। এর আগে পাক অধিকৃত কাশ্মীরের মঙ্গল বাঁধে তাদের প্রশিক্ষণ কেন্দ্রটি ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়ার পর চরনা দ্বীপে এই কেন্দ্রটি স্থানান্তর করা হয়। তবে লস্করের এই ভয়াবহ ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ সতর্ক রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। যে কোনো ধরনের সামুদ্রিক অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যেই সবরকম কড়া নিরাপত্তা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।