শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালী পুজো ঘিরে কড়া নিরাপত্তা, বদলাল মায়ের নৃত্যের মাঠ!

নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী চড়ার বামা কালীর বিসর্জন ও মায়ের কাঁধে করে নৃত্যানুষ্ঠান দেখতে প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার নৃত্যের স্থান পরিবর্তন করা হয়েছে। রাস্তার পরিবর্তে বিশাল ফাঁকা মাঠে আয়োজন করা হচ্ছে এই ঐতিহ্যবাহী নৃত্যের। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট, মন্দির প্রাঙ্গণ এবং নতুন নৃত্যের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসকসহ রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। মন্দিরে গিয়ে মায়ের দর্শনও করেন তাঁরা।

ইতিমধ্যেই নৃত্যের মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। দর্শনার্থীদের সুবিধার্থে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে। মাঠ থেকে নিরঞ্জন ঘাট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ, যাতে ঐতিহ্য ও উৎসবের আনন্দ অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *