হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সুখবর, যাত্রীদের জন্য চালু হচ্ছে স্পেশাল ট্রেন!

 

হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বাড়তি ট্রেন, উৎসবের মরসুমে বিশেষ পরিষেবা পূর্ব রেলের

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে দুজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। একইসঙ্গে ছট পুজো উপলক্ষ্যে আসানসোল থেকে পাটনা সাহেবগামী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর কথাও ঘোষণা করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৮ ও ২৫ নভেম্বর (সোমবার) রাত ১১টা ৫০ মিনিটে ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ফিরতি পথে ১৯ ও ২৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টা ৪৫ মিনিটে ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরের দিন রাত ১২টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছাবে।

এই বিশেষ ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে।

এদিকে, ছট পুজোর ভিড় সামলাতে আসানসোল থেকে পাটনা সাহেব পর্যন্ত অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ০৩৫১৩ আসানসোল-পাটনা সাহেব অসংরক্ষিত বিশেষ ট্রেনটি আগামী ১১ ও ১৩ নভেম্বর আসানসোল থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছেড়ে পরের দিন রাত ১টা ৪৫ মিনিটে পাটনা সাহেব পৌঁছাবে। উৎসবের মরসুমে বিহারগামী যাত্রীদের সুবিধার্থেই এই বাড়তি পরিষেবার আয়োজন করেছে পূর্ব রেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *