ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন বিশ্বজিৎ বসু, বাড়ছে জল্পনা!
অবসরপ্রাপ্ত বিচারকদের ট্রাইব্যুনাল থেকে পদত্যাগের হিড়িক, এক মাসে সরে দাঁড়ালেন দুই বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিদের নিয়ে গঠিত ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল থেকে একের পর এক পদত্যাগের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সর্বশেষ ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। শনিবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মাত্র এক মাসের ব্যবধানে ট্রাইব্যুনাল থেকে দুইজন বিচারপতি সরে দাঁড়ালেন। এর আগে শারীরিক ও দূরত্বের কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ২২ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রাইব্যুনালে আসা তাঁর পক্ষে সম্ভব নয়। এছাড়া যোগ দেওয়ার সময় তিনি ভেবেছিলেন কাজ স্বল্পমেয়াদী হবে, কিন্তু বিপুল সংখ্যক মামলা জমে থাকায় কাজ চালিয়ে যাওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এর আগে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি নেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
উল্লেখ্য, হাইকোর্টের দীর্ঘদিনের ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই বিশেষ ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছিল। এতে বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ ও সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্টরা যুক্ত ছিলেন। তবে পরপর একাধিক বিচারপতির পদত্যাগের ফলে এই ট্রাইব্যুনালগুলোর কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।