ট্রাম্পকে খুনের ভয়াবহ ছক, হোয়াইট হাউসের সামনে আটক সশস্ত্র যুবক!
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক: হোয়াইট হাউসের সামনে অস্ত্রসহ ধৃত ভেনেজুয়েলার নাগরিক
ওয়াশিংটন ডিসি: হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের অদূরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ভেনেজুয়েলার নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের।
ঘটনার সূত্রপাত নিয়মিত পুলিশি টহলের সময়। হোয়াইট হাউসের সামনে দীর্ঘক্ষণ একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে কর্তব্যরত আধিকারিকদের সন্দেহ হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক জানায়, সে কারো আক্রমণের আশঙ্কা করছে এবং আত্মরক্ষার জন্য তার কাছে অস্ত্র রয়েছে। এরপর ওই ব্যক্তিই পুলিশকে তার গাড়িতে থাকা একটি ব্যাগের দিকে নির্দেশ দেয়।
তল্লাশি চালিয়ে ওই ব্যাগ থেকে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল, একটি এআর-১৫ রাইফেল এবং প্রচুর গুলি উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, ব্যবহৃত ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি দাবি করেছে যে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পকে হত্যার নির্দেশ সে তার মস্তিষ্কের ভিতর থেকেই পেয়েছে। যুবকের ভাষাগত জটিলতা থাকায় তার জবানবন্দি বুঝতে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে হয় তদন্তকারীদের। বর্তমানে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী বা অন্য কোনো ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি, অভিযুক্তের মানসিক স্বাস্থ্যও পরীক্ষা করা হচ্ছে। হোয়াইট হাউসের মতো অতি সুরক্ষিত এলাকার সামনে অস্ত্রসহ এক ব্যক্তির উপস্থিতি মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।