ট্রাম্পকে খুনের ভয়াবহ ছক, হোয়াইট হাউসের সামনে আটক সশস্ত্র যুবক!
হোয়াইট হাউসের কাছে অত্যাধুনিক অস্ত্রসহ ধৃত ভেনেজুয়েলার নাগরিক, ট্রাম্পকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ
ওয়াশিংটন ডিসি: মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের কাছে অত্যাধুনিক অস্ত্রসহ এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
ঘটনার সূত্রপাত নিয়মিত পুলিশি টহলের সময়। হোয়াইট হাউসের অদূরে একটি ট্রাক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে কর্তব্যরত আধিকারিকদের সন্দেহ হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক দাবি করে যে, সে নিজে বিপদের আশঙ্কা করছে, তাই নিজের সুরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র বহন করছে। এরপর সে নিজেই পুলিশকে তার গাড়িতে থাকা একটি ব্যাগের দিকে নির্দেশ করে।
তল্লাশি চালিয়ে ওই ব্যাগ থেকে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেলসহ প্রচুর পরিমাণে গুলি ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।
পুলিশের জেরায় অভিযুক্ত জানায়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নির্দেশ সে তার “মস্তিষ্কের ভেতর” থেকে পেয়েছে। অভিযুক্তের ভাষা বুঝতে তদন্তকারীদের গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে হয়। তার এই দাবির সত্যতা এবং মানসিক অবস্থা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া, এই ষড়যন্ত্রের পেছনে কোনো গোষ্ঠী বা অন্য কেউ জড়িত কি না, তাও যাচাই করা হচ্ছে।
বর্তমানে ওই যুবক বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। হোয়াইট হাউসের মতো সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের কাছাকাছি বিপুল অস্ত্রসহ এক ব্যক্তির উপস্থিতি মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।