মাইক্রোসফ্টের পর এবার গুগলে বড় ছাঁটাই, প্রযুক্তিবাজারে উদ্বেগ!
এআই খাতে বিনিয়োগ বাড়াতে কর্মীদের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব গুগলের
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে গবেষণায় বিপুল বিনিয়োগের খরচ সামলাতে নিজস্ব কর্মীদের স্বেচ্ছায় কোম্পানি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ব্যয় সংকোচনের অংশ হিসেবে কর্মীদের আকর্ষণীয় আর্থিক ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজ দেওয়া হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি ও সুইজারল্যান্ড—এই পাঁচটি দেশের কর্মীদের জন্য এই কর্মসূচি কার্যকর করেছে গুগল। ২০২৫ সালের শুরুর দিকে কয়েকটি বিভাগে এই প্রক্রিয়া শুরু হলেও জুন মাস থেকে এর পরিধি আরও বাড়ানো হয়। তবে এখন পর্যন্ত কতজন কর্মী এই প্রস্তাব গ্রহণ করেছেন, সে বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই ও ক্লাউড প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে তারা এ খাতে বড় অংকের অর্থ বিনিয়োগ করছে। এই বাড়তি ব্যয়ের ভারসাম্য বজায় রাখতেই অন্যান্য বিভাগে খরচ কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গুগলের প্রধান এআই গবেষণা বিভাগ ‘ডিপমাইন্ড’ (Deepmind) এবং ‘গুগল ক্লাউড’ (Google Cloud)-কে এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে, কারণ এই বিভাগগুলোতে নতুন কর্মী নিয়োগ অব্যাহত রয়েছে।
সুইজারল্যান্ডে এই কর্মসূচির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়েছে। সেখানে জুন মাসে কর্মীদের এই প্রস্তাব দেওয়া হয় এবং আগস্ট মাস থেকে যারা প্রস্তাব গ্রহণ করেছেন, তাদের কোম্পানি ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সুইজারল্যান্ডে গুগলের প্রায় ৫ হাজার কর্মী রয়েছেন এবং জুরিখে তাদের একটি বড় ইঞ্জিনিয়ারিং কেন্দ্র রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের ওই কেন্দ্রে কর্মরত কর্মীদের জন্য যে প্যাকেজ রাখা হয়েছে, তাতে প্রতি বছরের চাকরির বিনিময়ে এক মাসের বেতন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। একটি ৫০ জনের টিমে ইতিমধ্যে চারজন কর্মী এই প্যাকেজ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতের প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল একদিকে যেমন কিছু বিভাগে কর্মী ছাঁটাই বা স্বেচ্ছায় অবসরের পথ বেছে নিয়েছে, তেমনি অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর বিভাগগুলোতে কর্মী সংখ্যা বাড়ানোর ওপরও জোর দিচ্ছে।