ধনতেরাসের রাতে দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই সর্বস্ব, সর্বহারা পরিবারকে সাহায্যের আশ্বাস বিজেপির
ধনতেরাসের রাতে দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন শ্রীনগর পল্লি এলাকার একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে মুহূর্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, যা দেখে প্রতিবেশীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে চোখের সামনে ঘরের সমস্ত আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হতে দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে অসহায় পরিবারটি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় ও অন্যান্য কর্মীরা। তাঁরা ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে শীতবস্ত্র, শিশুদের পোশাক, রাতের খাবার ও নিত্যপ্রয়োজনীয় মুদিখানার সামগ্রী তুলে দেন। পাশাপাশি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নতুন বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্ব।