তারাপীঠেও জারি কড়াকড়ি! মন্দিরে ঢোকার আগে কোন পোশাক এড়াতে হবে জানেন?
পুণ্যভূমি তারাপীঠে মা তারার দর্শনে যেতে হলে এবার থেকে পোশাকের দিকে বিশেষ নজর রাখতে হবে। মন্দিরের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে হাফপ্যান্ট, বারমুডা, লুঙ্গি কিংবা গামছা পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দর্শনার্থীদের পাশাপাশি মন্দিরের সহযোগী সেবায়েতদের জন্যও নির্দিষ্ট পোশাকবিধি চালু হচ্ছে। আগে থেকেই নিয়ম থাকলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড লাগানো হবে, যাতে দূরদূরান্তের ভক্তরা আগে থেকেই সতর্ক হতে পারেন।
কর্তৃপক্ষের মতে, পবিত্র তীর্থক্ষেত্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এই শালীন পোশাকের প্রয়োজনীয়তা রয়েছে। কালীপুজোর পর থেকে সহযোগী সেবায়েতদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে তাঁদের সহজেই চিহ্নিত করা যায়। মন্দিরের শৃঙ্খলা ও পরিষেবায় স্বচ্ছতা আনতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন।